বক্সিং খেলা দেখার সময় চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক. আরটিভি নিউজ 

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৩ এএম


বক্সিং খেলা দেখার সময় চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮
ছবি: সংগৃহীত

মিয়ানমারে বক্সিং খেলার সময় চায়ের দোকানে সেনাবাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। দোকানটিতে সন্ধ্যা সময় লোকজনের ভিড় থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে স্থানীয়দের দাবি। 

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) প্যারিসভিত্তিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের তাবাইন শহরে ব্যস্ততম একটি চায়ের দোকানে এ বিমান হামলা চালানো হয়। 

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, হামলার সময় ওই দোকানটিতে বসে সেখানকার বাসিন্দারা টেলিভিশনে বক্সিং খেলা দেখছিলেন।

বিজ্ঞাপন

ঘটনাস্থলের উদ্ধারকর্মীরা জানান, হামলায় ঘটনাস্থলেই ৭ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর ১১ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বোমা হামলায় আশপাশের ডজনখানেক বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় একজন কর্মকর্তা জানান, জনাকীর্ণ ওই চায়ের দোকান লক্ষ্য করে পরপর দুটি বোমা ফেলা হয়। এতে ১৮ জন নিহত ও ২০ জন আহত হন।

বিজ্ঞাপন

হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া স্থানীয় একজন বাসিন্দা জানান, হঠাৎ কানে আসে যুদ্ধবিমান ওড়ার শব্দ। এতটাই বিকট ছিল সেই শব্দ কান ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি তখনই মাটিতে শুয়ে পড়ি। উপরে তাকিয়ে দেখি, আগুনের বিশাল কুণ্ডলী। ভাগ্য সহায় হওয়ায় আমি বেঁচে ফিরতে পেরেছি।

প্রসঙ্গত, মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা বাহিনী ক্ষমতা নেওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে। অভ্যুত্থানবিরোধীদের ওপর মাঝেমধ্যেই জান্তা সরকারের হামলার খবর পাওয়া যায়। এসব হামলায় বহু বেসামরিক মানুষেরও প্রাণহানি হচ্ছে। চলতি বছরের মে মাসে জান্তার বিমান হামলায় ২০ শিশুসহ ২২ জন মারা যান।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission